আব্দুস সালাম তালুকদার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে বিএসএফের এ চেষ্টা প্রতিহত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে।
সংবাদ পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, বর্তমানে ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।