ইসমাইল হােসেন বাবু:

কুষ্টিয়ার মিরপুরে শাহানাজ খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর এলাকার মাঠপাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শাহানাজ খাতুন ওই এলাকার ভ্যানচালক সায়েদ আলীর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির শোবার ঘরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহানাজকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, শাহানাজ ও তাঁর স্বামী ওই বাড়িতে বসবাস করতেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।