মানিক কুমার দাস:

 

ফরিদপুরে নিজ বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলাকালে এক ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।

 

শনিবার দুপুর ২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে তাঁর নিজস্ব চারতলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

 

নিহত মো. আবীর হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে বৃহস্পতিবার তিনি ফরিদপুরে নিজ বাড়িতে আসেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবীর হোসেনের নতুন বাড়ির চারতলার ছাদে বিদ্যুতের কাজ চলছিল। এ সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে আবীর হোসেন অসুস্থ হয়ে পড়েন।

 

পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

 

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।