মানিক কুমার দাস:

 

ফরিদপুরে শহীদ সুফি সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এবং করিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে দুরন্ত বয়েজকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উদয়ন।

 

শনিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ১-০ গোলে দুরন্ত বয়েজকে হারিয়ে শিরোপা জিতে নেয় উদয়ন।

 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন করিম গ্রুপের কর্ণধার আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া।

 

এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শামসুল বারী শানু, আওলাদ হোসেন বাবর ও ডা. আলী আকবর বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুজ্জামান মুক্তার।

 

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া পঞ্চাশোর্ধ্ব পাঁচজন খেলোয়াড়কে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ খেলোয়াড়কেও পুরস্কৃত করা হয়।

 

উল্লেখ্য, গত ৮ আগস্ট থেকে লিগ পদ্ধতিতে ১২টি দল নিয়ে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি আবুল কাশেম ভোলা। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আল আমিন ও আশিকুর রহমান।

 

ফাইনাল খেলা উপভোগ করতে অম্বিকা ময়দানে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বক্তারা সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

বক্তারা বলেন, শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রসারেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন বক্তারা।