ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাছেরদিয়াড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাছেরদিয়াড় গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। ওই দিনই পারিবারিকভাবে আনাসের বিয়ে হয়েছিল।
নিহত আনাস গাছেরদিয়াড় গ্রামের মো. ইউসুফের একমাত্র ছেলে। বৃহস্পতিবার উপজেলার বাহেরমাদি গ্রামে পারিবারিকভাবে তার বিয়ে হয়। পরে বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। নববধূকে ঘরে তোলাকে কেন্দ্র করে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। এ সময় আনাস প্যান্ডেলে একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসেছিলেন। হঠাৎ ফ্যানটি তার শরীরের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, ফ্যানটিতে বৈদ্যুতিক ত্রুটি থাকতে পারে। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর গুরুতর আহত আনাসকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আনাসের আকস্মিক মৃত্যুতে গাছেরদিয়াড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আনন্দের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে। একই সঙ্গে সদ্যবিবাহিত নববধূর জীবনেও নেমে এসেছে শোকের ছায়া।