পরিতোষ কুমার বৈদ্য:
সাতক্ষীরার শ্যামনগর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছে সুন্দরবন প্রেস ক্লাব।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় সুন্দরবন প্রেস ক্লাবের হলরুমে এ সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. ওসমান গনী সোহাগ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শ্যামনগর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নবাগত ওসি মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “শ্যামনগর থানাকে মাদকমুক্তসহ সব ধরনের অপরাধ দমন করে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সুন্দরবন প্রেস ক্লাবের সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। সুন্দরবন ও উপকূলীয় এই জনপদের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় পুলিশ ও সংবাদকর্মীরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতেও কাজ করবেন।
এদিকে নবাগত ওসিকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে কাঁকড়া রপ্তানিতে বিশেষ অবদান রাখায় জাতীয় স্বর্ণপদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালেব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, মো. ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলম সুমন, মো. জাহাঙ্গীর আলম, পরিতোষ কুমার বৈদ্যসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।