হুমায়ন আহমেদ:

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

 

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ক্যাম্পে পৌঁছে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এ সময় ক্যাম্পে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সার্বিক কর্মকাণ্ড, আবাসন ব্যবস্থা, খাবার, লজিস্টিকস, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন পুলিশ সুপার।

 

পরিদর্শনকালে তিনি ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

পুলিশ সুপার বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার করতে হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।

 

জনসাধারণ যাতে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পান, সে বিষয়েও গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আস্থা ও বিশ্বাসের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

 

পরিদর্শনকালে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইলসহ আসমানখালী পুলিশ ক্যাম্পে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।