মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে মধুখালী মরিচ বাজার এলাকায় অভিযান শুরু হয়। পরে মধুখালী রেলগেট, ঢাকা-খুলনা মহাসড়কের পৌর এলাকার রাস্তার দুই পাশসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি ও পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। এ সময় মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম, মধুখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. বরকত আলী, হিসাবরক্ষক মো. রাজিব হাসান, লাইসেন্স পরিদর্শক হাবিবুল বাশার সুমন, কনজারভেন্সি ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পৌর এলাকার জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সরকারি বা পৌরসভার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।