ইস্রাফিল হোসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় অবৈধভাবে পরিচালিত ‘আরএনবি ব্রিকস’ নামের একটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার কিলন (ভাটা) স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটার উদ্যোক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

১৮ আগস্ট দুপুরে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় আইনগত অনুমোদন ছাড়াই ভেড়ামারার দশমাইল এলাকায় ‘আরএনবি ব্রিকস’ স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর সেখানে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

 

অভিযানের সময় স্কেভেটর দিয়ে ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে উদ্যোক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে ইটভাটার চিমনি ভেঙে ফেলার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

 

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান।

 

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন।

 

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব তদারকি করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান। অভিযানে প্রসিকিউটর হিসেবে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা উপপরিচালক মো. এমদাদুল হক ও সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার। জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন দল এ সময় সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে।

 

পরিবেশ রক্ষায় অবৈধ স্থাপনা ও দূষণ সৃষ্টিকারী সব ভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপ নিয়মিত চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।