আব্দুস সালাম তালুকদার:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত ও দুপুরে উপজেলার মুসলিমপুর ও কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর প্রায় ৫টার দিকে সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায়। কানসাট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেল নির্মাণাধীন কালভার্টে ধাক্কা দেয়। এতে বালিয়াদিঘি গ্রামের ট্রাকের হেলপার আবু হায়াত ও ট্রাকশ্রমিক হাবিবুর রহমান গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুপুরে কানসাট এলাকায়। একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শেখটোলা মহল্লার আসাদ আলী ঘটনাস্থলেই নিহত হন।

 

এ ঘটনায় গুরুতর আহত জাবের আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

শিবগঞ্জ থানার পুলিশ জানায়, পৃথক দুটি দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।