হাসান মামুন:
মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে শহরের টাউন ক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন দোকান, মাছের বাজার এবং চা-পান-সিগারেটের দোকানে মাদকবিরোধী ও তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পাশাপাশি পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
স্টিকার ও লিফলেটে ১৮ বছরের কম বয়সী ব্যক্তির কাছে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি আইনত দণ্ডনীয়—এ বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের অপ্রয়োজনে দোকানে অবস্থান ও আড্ডা না দেওয়ার বিষয়েও সচেতন করা হয়।
কর্মসূচিতে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সুজনের সদর উপজেলা সভাপতি আব্দুর রহমান, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজিটিভ পিরোজপুরের সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও কলেজের শিক্ষকরা অংশ নেন।
বক্তারা বলেন, মাদকাসক্তি তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, একই সঙ্গে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।