আমিরুল ইসলাম:
নাটোর সদর উপজেলার তেলকুপি-চর লক্ষীকুল এলাকায় ট্রেনে কাটা পড়ে সফর আলী (৪০) নামের এক ব্যক্তির নিহত হয়েছে। আজ ১৬ আগস্ট রোববার সকালে স্থানীয়রা রেললাইনের ওপর তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত সফর ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সফর এক কানে কম শুনতেন। সকালে কোনো এক সময় রেললাইন পার হওয়া বা এর ওপর দিয়ে হাঁটার সময় ট্রেন আসার শব্দ শুনতে না পেরে ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে।
তবে কোন ট্রেনে কাটা পড়েছেন এবং ঠিক কীভাবে তিনি রেললাইনে গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন ও মরদেহ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।