ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৭টিমোবাইলফোনসহ ২জন চোরাকারবারী আটক হয়েছে। ভারত থেকে চোরাপথে মোবাইলফোন পাচার করার সময় তাদের আটক করা হয়। রবিবার (১৬ আগস্ট) দুপুর দেড়টায় এ তথ্য জানিয়েছে বিজিবি।
সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ চক বিলগাতুয়া সুইচগেট সংলগ্ন পাকা রাস্তায় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে বিজিবি টহল দল অভিযান চালায়। এসময় চোরাকারবারী সূর্য মালিথা (১৮) এবং মো. আসলাম হোসেন (৩২) কে ভারতীয় ৭টি মোবাইলফোন ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটক চোরাকারবারীরা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের টুটুল মালিথা ও প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার মৃত শহিদুল মন্ডলের ছেলে। জব্দকরা চোরাপণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। পরে আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।