আনিসুর রহমান:

 

নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পান্না বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত পান্না বেগম ওই গ্রামের জিন্নাত আলীর মেয়ে এবং মো. আব্দুর রহমানের স্ত্রী।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোর আনুমানিক ৫টার দিকে পান্না বেগম বাড়ির পাশের চায়ের দোকান খোলার জন্য যান। দোকানের সামনে ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ কোনো একটি প্রাণী তার ডান হাতের একটি আঙুলে কামড় দেয়। সাপে কামড় দিয়েছে সন্দেহ করে তিনি বিষয়টি পরিবার ও স্থানীয়দের জানান। পরে দোকানঘরের আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সাপ পাওয়া যায়নি।

 

এরপর পান্না বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৭টার দিকে তার স্বামী মো. আব্দুর রহমান অটোভ্যানে করে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি বাড়িতে নিয়ে যান।

 

নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, পান্না বেগমকে বিষধর সাপে কামড় দিয়েছিল বলে চিকিৎসকরা ধারণা করেন। সাপে কামড় দেওয়ার বিষয়টি বুঝতে দেরি হওয়ায় হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও বিলম্ব হয়। পরে অ্যান্টিভেনম প্রয়োগ করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান চিকিৎসক।

 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, সাপের কামড়েই পান্না বেগমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

 

বাগাতিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আলী পান্না বেগমের সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুরে জানাজা শেষে টেটনপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।