আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রুহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের পাইহাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রুহান একই ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের মো. তুহিনের ছেলে।

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মৃত রুহানের বাবা মা চাকরি করার সুবাদে ঢাকায় থাকেন। যার কারণে রুহান তার নানার বাড়ি পাইহাপাড়ায় থাকতো। দুপুরের দিকে তারা নানার বাড়ির পার্শ্বে খেলাধুলা করতে করতে পার্শ্ববতী পুকুরে পড়ে তলিয়ে যায়।

 

তার নানা নানির পরিবার খোঁজাখুজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুর ভাসামান অবস্থায় দেখতে পায়। আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দেখে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।