সাজেদুর রহমানঃ
যশোরের শার্শা উপজেলার ভূলাট গ্রামে পৈতৃক ও ক্রয়কৃত কৃষি জমি, মৎস্য খামার, ফলের বাগান এবং গভীর নলকূপ জোরপূর্বক দখল করেছে স্থানীয় প্রভাবশালী উজ্জ্বল গংরা। দখলকৃত সম্পত্তি উদ্ধার এবং জীবন রক্ষা ও নিরাপত্তার আকুতি জানিয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল মজিদ ঢালী।
গত ২৯ জুলাই (২০২৬) তারিখে জমা দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেছেন, উপজেলার ৬নং গোগা ইউনিয়নের ১১২ নং ভূলাট মৌজায় আর.এস চূড়ান্ত ১৭৯৩ ও ৫০৫ নং খতিয়ানভুক্ত কৃষি জমি, মৎস্য খামার, ফলের বাগান ও গভীর নলকূপের প্রকৃত মালিক আব্দুল মজিদ ঢালী। পৈত্রিক সূত্রে পাওয়া ও নিজের ক্রয়কৃত এসব সম্পদ দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। উপজেলার পাঁচভূলাট গ্রামের আইউব আলীর ছেলে মোঃ উজ্জল, মৃত পুটে গাজীর ছেলে মোঃ ওয়াজেদ আলী, মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ আক্তারুল ও দীন মোহাম্মদের ছেলে মোঃ ইব্রাহিম সহ আরও ১০-১২ জন সন্ত্রাসী কায়দায় তার এই সম্পত্তি জবরদখল করে রেখেছে।
ভূক্তভোগী আবদুল মজিদ ঢালী বলেন, গত ৬ মার্চ ২০২৫ তারিখ ভোরে অভিযুক্তরা মৎস্য খামারে জাল দিয়ে বিপুল পরিমাণ মাছ ধরে বিক্রি করেছে। খামারের গুদাম ঘর ভেঙে আনুমানিক আড়াই লাখ টাকার মৎস্য খাদ্য লুট করে নিয়ে গেছে। গত ২ বছর অভিযুক্তরা জোরপূর্বক ৩০ বিঘা কৃষি জমি, ফলের বাগান এবং গভীর নলকূপ দখল করে রেখেছে। এ সময়ে তারা আনুমানিক ১৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে।
দখলকৃত এ সম্পদ ফেরত চাইতে গেলে অভিযুক্ত উজ্জ্বল ও তার সহযোগীরা তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে তিনি ও তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দখলদারদের হাত থেকে জমি ও মাছের খামার উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। জবর দখলকারী উজ্জল ও ইব্রাহিম কে তাদের মোবাইলে ফোন করলেও ফোন রিসিভ হয়নি।