আব্দুল হামিদ মিঞা:
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোকাদ্দেস আলী ওই গ্রামের মোত্তালিব সরকারের ছেলে।
পুলিশ জানায়, গত জুন মাসে বাউসা ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় বেআইনিভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে মিছিল করার অভিযোগ আনা হয়েছে। মোকাদ্দেস আলী ওই মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম জানান, গ্রেপ্তার মোকাদ্দেস আলীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।