হাসান মামুন:

 

মাদকের বিস্তার রোধ ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরের মাদকপ্রবণ এলাকাগুলোতে ধারাবাহিকভাবে মাদকবিরোধী সভা-সমাবেশ ও সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ ভবনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে টোনা ইউনিয়নের মুলগ্রাম বাজারেও অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার মাদকপ্রবণ এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে মাদকবিরোধী সভা-সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।

 

দুর্গাপুর ইউনিয়নের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।

 

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান মৃধার সভাপতিত্বে এবং ‘পজিটিভ পিরোজপুর’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাংবাদিক জুবায়ের আল মামুনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুরের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা বাপ্পন সেন, ইউনিয়ন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

তারা বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

সমাবেশে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্থানীয়ভাবে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

 

বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ ও জনসম্পৃক্ততা। পরিবার থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

 

সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদক থেকে দূরে থাকার পাশাপাশি নিজ নিজ এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

 

আয়োজকরা জানান, পিরোজপুরের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও মাদকপ্রবণ এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক সভা-সমাবেশ অব্যাহত থাকবে।