আব্দুল হামিদ মিঞা:
রাজশাহীর বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাড়ি ফেরার পথে ভ্যান থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি তার মেয়ের বাড়ি উপজেলার উত্তর গাওপাড়ায় চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার কারণে তিনি চলাফেরা করতে পারছেন না এবং বিছানায় রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর থেকে শফিউর রহমান শফি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা তার দেখাশোনা করছেন।
বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি বাজু বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির দ্রুত সুস্থতা কামনা করেছেন।