আব্দুল হামিদ মিঞা:

 

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ১৫০ বোতল অবৈধ এসকাফ (Eskuf) সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

 

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামের মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন—বাঘা থানার আড়পাড়া হিন্দুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে সাজদার রহমান (৪৩) এবং একই এলাকার নতুনপাড়া গ্রামের তছিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৯)।

 

বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১৫ মিনিটের দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালসার এন১৬০ সিসির একটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন তারা। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

 

এ সময় মোটরসাইকেলের সিটের ওপর রাখা সাদা বস্তার ভেতরে থাকা কাগজের কার্টন থেকে ১৫০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।