আসাদুর রহমান হাবিব:

 

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা এবং কমিউনিটি সহযোগীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি সহযোগী নির্বাচন, সহায়তা ও লিংকেজ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের হাসমীপাড়ায় ‘সমান আওয়াজ’ প্রকল্পের আয়োজনে এবং খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সহযোগিতা করে।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে তাদের সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি সহযোগীদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

 

কর্মশালায় সিসিডিবির ফুলবাড়ী উপজেলা শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সরকার প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি, সিএসও সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, যুবনেতা, সমাজকর্মী, এনজিওকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিতকরণ, সরকারি-বেসরকারি সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও লিংকেজ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার, সুযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

 

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, নারীর নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন আরও শক্তিশালী হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সেবা নিশ্চিত করতেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।