জসীমউদ্দিন ইতি:

 

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান। এসব বিদ্যালয় থেকে অংশ নেওয়া ২৪ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্যের ঘটনায় সংশ্লিষ্ট পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।

 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।

 

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ফল বিপর্যয়ে পড়া পাঁচটি বিদ্যালয়ের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার চারটি এবং হরিপুর উপজেলার একটি রয়েছে। সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

 

অপরদিকে, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি।

 

ফলে পাঁচটি প্রতিষ্ঠানেরই পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পাঠদান, একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার জানান, কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ডেকে শোকজ করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলা থেকে মোট ১৭ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ হাজার ৮৮৬ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন। জেলায় সার্বিক পাসের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ।