ইসমাইল হোসেন বাবুঃ
ইতিহাস কখনো মুছে ফেলা যায় না; ইতিহাস ভুলাও যায়না, সময়ের ব্যবধানে তা শুধু পরিবর্তিত রুপ নেয়। আবারও কোনো কোনো স্থাপনা কেবল ইট-পাথরের গাঁথুনি নয়, তারা হয়ে ওঠে যুগের সাক্ষী, মানুষের কান্নার ধারক ও বাহক। আবার পরিবর্তিত ইতিহাসে তা একদিন আশার প্রদীপও হয়ে উঠে। তেমনি এক ইতিহাসের স্বাক্ষী আজও দাঁড়িয়ে রয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাকুণ্ঠি গ্রামের নীলকুঠি ভবনটি।
প্রায় দুই শতক ধরে নীরবে ইতিহাস নির্মম স্বাক্ষী হয়ে এখন মানবসেবার আশ্রয়স্থল হিসেবে জনসেবা দিয়ে যাচ্ছে। যেখানে একদিন প্রতিধ্বনিত হতো নির্যাতিত কৃষকের আর্তনাদ, নীলকরদের অত্যাচারের নিষ্পেষিত হতো কৃষক থেকে দিনমজুর আর আজ সেখানে প্রতিদিন মানুষের ভূমিসেবা নিশ্চিত করতে চলছে সরকারি সেবা কার্যক্রম। যে প্রাঙ্গণে একসময় নীলকরদের চাবুকের আঘাতে কেঁপে অত্র এলাকা, আজ সেই একই প্রাঙ্গণে শত শত মানুষ আসেন জমির খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভ‚মিসেবা নিতে। সময় যেননিষ্ঠুরতার স্মৃতিকে রূপান্তর করেছে মানবসেবার ঠিকানাতে।
বাংলার নীল বিদ্রোহ, কৃষকের আত্মত্যাগ এবং ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের এক নির্মম অধ্যায়ের জীবন্ত স্মারক এই ঐতিহাসিক নীলকুঠি আজও ইতিহাসপ্রেমী মানুষের কাছে একঅমূল্য স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ইতিহাস-সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১৮০০ সালের দিকে চুন-সুড়কি দিয়ে নির্মিত ছয় কক্ষবিশিষ্ট ভবনটি ছিল ব্রিটিশ নীলকরদের অন্যতম প্রশাসনিক কেন্দ্র। ভবনের চারপাশে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ৭টি প্রাচীন দেবদারু গাছ সময়ের নীরব প্রহরী হয়ে। দেবদারু গাছের ছায়াতলে দাঁড়ালে মনে হয়, বাতাসের প্রতিটি স্পন্দনে আজও ভেসে আসে দুই শতক আগের নির্যাতিতদের দীর্ঘশ্বাস, কৃষকের চাপাকান্না আর অবদমিত প্রতিবাদের শব্দ।
ইতিহাস ঘেটে যা জানা যায়, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলার রাজনৈতিক ভাগ্য বদলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইউরোপে প্রাকৃতিক নীলের চাহিদা বাড়তে থাকে। ১৭৭৭ সালের পর বাংলার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে অসংখ্য নীলকুঠি। উর্বর ভূমি, পদ্মা নদীর নৌপথ এবং কৃষির অনুকুল পরিবেশের কারণে কুষ্টিয়ার দৌলতপুরও হয়ে ওঠে নীলউৎপাদনের অন্যতম কেন্দ্র। কিন্তু সেই নীল ছিল না কৃষদের সমৃদ্ধির প্রতীক; ছিল কৃষকের অশ্রু, রক্ত আর বঞ্চনার প্রতীক।
ইতিহাসবিদদের মতে, কৃষকদের দেওয়া হতো সামান্য অগ্রিম অর্থ বা যা ‘দাদন’ নামে পরিচিত। প্রথমে তা সহায়তা মনে হলেও পরে সেটিই হয়ে উঠত শোষণের শৃঙ্খল ও হাতিয়ার। খাদ্যশস্যের পরিবর্তে জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো কৃষকদের। কেউ অস্বীকৃতি জানালেই তার উপর নেমে আসত অমানবিক নির্যাতন। পোষা লাঠিয়াল বাহিনীর হামলা, নির্মম প্রহার, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। আর এসব ছিল নীলকরদের অত্যাচারের প্রতিদিনের চিত্র। কিন্তু অন্যায়ের কাছে এ অঞ্চলেরকৃষক শেষ পর্যন্ত মাথা নত করেননি।
১৮৫৯-৬০ সালের ঐতিহাসিক নীল বিদ্রোহ ছিল শুধু একটি কৃষক আন্দোলন নয়; এটি ছিল আত্মমর্যাদা, অধিকার ও স্বাধীনচেতা মানুষের অবিনাশী সাহসের এক গৌরবগাথা অধ্যায়। আর সেই সংগ্রামের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে দৌলতপুরেরএই নীলকুঠি।
সময় তার নিজস্ব নিয়মে সবকিছুর রূপ বদলায়। যে ভবনে একদিন কৃষকের ভাগ্য নির্ধারণ করতেন বিদেশি শাসকেরা, আজ সেই ভবনেই পরিচালিত হচ্ছে হোগলবাড়িয়া ইউনিয়ন ভ‚মি অফিসের কার্যক্রম। যে দরজা দিয়ে একসময় মানুষ প্রবেশ করত ভয়ে কাঁপতে হতো, আজ সেই দরজাই খুলে দেয় নাগরিক অধিকার ও সরকারি সেবার পথ। ইতিহাসের এ যেন এক গভীর প্রতীকী রূপান্তরঅত্যাচারের স্থান আজ জনসেবার আশ্রয়।
তবে সময়ের ভারে ক্লান্ত হয়ে পড়েছে প্রায় দুই শতকের এই ঐতিহাসিক ভবনটি। ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে, দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। মূল কাঠামো এখনো টিকে থাকলেও দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না নিলে অচিরেই হারিয়ে যেতে পারেনির্যাতিত ইতিহাসের এই নিদর্শনটি।
ইতিহাস ঘেঁটে জানা যায়, একসময় দৌলতপুর উপজেলার মহিষকুণ্ঠি, পচামাদিয়া ও হোসেনাবাদ এলাকাতেও ছিল একাধিক নীলকুঠি। সেখান থেকেও পরিচালিত হতো নীলের ব্যবসা। কিন্তু সংরক্ষণের অভাবে একে একে বিলীন হয়ে গেছে সেসব স্থাপনা। বর্তমানে হোসেনাবাদ ও মহিষকুÐিতে নতুন ভবনে ইউনিয়নভুমি অফিস পরিচালিত হলেও অতীতের সেই ঐতিহাসিক ভবনগুলো আর টিকে নেই। প্রবীণদের স্মৃতি আর কিছু ধ্বংসাবশেষই কেবল বহন করছে হারিয়ে যাওয়া ইতিহাসের ক্ষতচিহ্ন।
স্থানীয় বাসিন্দা কাওছার বশ্বাস বলেন, দৌলতপুরের এই নীলকুঠি শুধু একটি পুরোনো ভবন নয়; এটি এ অঞ্চলের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন। যথাযথ সংরক্ষণ করা হলে এটি গবেষক, ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠতে পারে। হোসেনাবাদ গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল মান্নান বলেন, ছোটবেলায় বাবার মুখে ইংরেজদের অত্যাচারের অনেক গল্প শুনেছি।
তখন এই জায়গার নাম শুনলেই মানুষ ভয় পেত। আজ সেই জায়গাতেই ইউনিয়ন ভ‚মি অফিস। আগে যেখানে কৃষকদের ওপর নির্যাতন হতো, এখন সেখানে কৃষকেরা নিজেদের জমিরকাগজপত্রের কাজ করেন। সময়ের ব্যবধান অনেক কিছু বদলে দিয়েছে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, বর্তমানে ভবনটি ইউনিয়ন ভ‚মি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রেখে সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। উপজেলার চারটি নীলকুঠির মধ্যে তিনটিস্থানে বর্তমানে ভূমি অফিস পরিচালিত হচ্ছে।
ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, টিকে থাকে মানুষের স্মৃতিতে,বৃক্ষের ছায়ায়, পুরোনো দেয়ালের নীরবতায় এবং সময়ের গভীর স্তরে।
দৌলতপুরের এই দুই শতকের নীলকুঠি আমাদের স্মরণ করিয়ে দেয় অত্যাচার চিরস্থায়ী নয়, অন্যায়ের প্রাসাদও একদিন ন্যায়েরআশ্রয়ে রূপ নেয়।
আজ এই ভবন কেবল একটি সরকারি দপ্তর নয়; এটি সময়ের শিক্ষালয় মাত্র। যে দেয়াল একদিন নিপীড়নের প্রতীক ছিল, সেই দেয়ালই আজ মানুষের অধিকার, সেবা এবং ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। তাই ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্মের দায়বদ্ধতা থেকে দৌলতপুরের দুই শতকের নীলকুঠিকে সংরক্ষণ করা এখন শুধু প্রয়োজন নয়, সময়ের দাবিও বটে।