মোল্লা মনিরুজ্জামানঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে “কাদিরদী পপুলার ডায়াগনস্টিক সেন্টার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশু মিয়ার হাট বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
শুক্রবার (৭ জুলাই) সকাল ১১টায় ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক একেএম ইলিয়াস সিদ্দিকী। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল দোয়া ও মোনাজাত, যা পরিচালনা করেন ডোবরার পীর সাহেব মাওলানা ওবায়েদ বিন নাসের। তিনি নতুন প্রতিষ্ঠানের সফলতা, এলাকার মানুষের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাদিরদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম লিন্টু, মহিউদ্দিন বাবু (ডাক্তার), মোশাররফ হোসেন মুসা, মো. মজিবর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নবপ্রতিষ্ঠিত এই ডায়াগনস্টিক সেন্টারটি আধুনিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। তারা বলেন, স্থানীয়ভাবে উন্নতমানের চিকিৎসা সুবিধা নিশ্চিত হলে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
উল্লেখ্য, কাদিরদী পপুলার ডায়াগনস্টিক সেন্টারটি এলাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।