মোহাম্মদ আবু নাছের:

 

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়ার পোল এলাকার হানুর চা দোকানের সামনে চৌমুহনী-ফেনী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডিমাতলী গ্রামের চিওরা সিরাজ মেম্বারের বাড়ির মো. আবুল কাশেমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, উদ্ধার করা গাঁজার ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।