ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার মিরপুরে প্রায় সাড়ে ৬০০ শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মিরপুরের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তৌছিফুর রহমান। প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন-এর সহকারী পরিচালক মো. নুরুল হুদা।
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা।
সেমিনারে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ, সময়মতো রোগ নির্ণয় এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ক্যান্সার সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি পেলে অনেক ক্ষেত্রেই রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও কার্যকর চিকিৎসা সম্ভব।
অনুষ্ঠানে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রায় সাড়ে ৬০০ শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যান্সার সচেতনতামূলক প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।