ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর পাড় ধসে নদীতে পড়ে নুরিয়া খাতুন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। একই ঘটনায় নদীতে পড়ে যাওয়া জামিলা খাতুন নামে আরেক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নুরিয়া খাতুন ওই এলাকার আশিক শেখের মেয়ে। উদ্ধার হওয়া জামিলা খাতুন একই এলাকার ইজাজুল মণ্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নুরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু নদীতে পড়ে যায়।
ঘটনাস্থলের পাশে কর্মরত শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন। তারা জামিলা খাতুনকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রবল স্রোতে নুরিয়া খাতুন পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ নুরিয়া খাতুনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।