বাদশাহ মিয়া:

 

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দুই নেতা দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার নারায়ণপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জসিম পোদ্দার। লিখিত বক্তব্যে তিনি জানান, সুদেব কুমার মালো মহারাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি নিজে একই ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

তারা লিখিত বক্তব্যে বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তারা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছেন।

 

তারা আরও জানান, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

 

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।