আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. কামরুজ্জামান বাবু (বাবু)কে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় মধুখালী বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়ি মহিষাপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, কামরুজ্জামান বাবু বিভিন্ন সময়ে নিজের ফেসবুক আইডি থেকে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এ অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) এর একটি মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, মধুখালী থানার মামলা নম্বর-২, তারিখ ৩ জুন ২০২৬-এর এ মামলায় তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।