আলিফ হোসেন:
রাজশাহীতে সড়কপথে চাঁদাবাজি প্রতিরোধ এবং যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
সভায় সড়কপথে সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার বলেন, মহাসড়ক ও জেলা সড়কে কোনো ধরনের অবৈধ অর্থ আদায় বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
সভা শেষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক-শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। এ সময় পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দও যেকোনো ধরনের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এটিএম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।