আসলাম বেপারী:

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে মারধর এবং জোরপূর্বক কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের পুলিশি রিমান্ড আবেদন করা হয়েছে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের বাসিন্দা শেখ ইউসুফ আলী (৫৬) গত ১ আগস্ট রাতে চর হাজীগঞ্জ বাজারে চা পান করতে যান। রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সজিব প্রামাণিক তাকে শামীম হোসেনের সঙ্গে কথা বলার কথা বলে ডেকে নিয়ে যান।

 

অভিযোগ অনুযায়ী, রহমান প্রামাণিকের ডাঙ্গী এলাকার খৈইতলা বালুর মাঠে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়। এজাহারে বলা হয়, প্রধান অভিযুক্ত শামীম হোসেন লাঠি দিয়ে ইউসুফ আলীর মাথায় আঘাত করেন। পরে অন্য আসামিরা তাকে কিল-ঘুষি, লাথি ও নখের আঁচড়ে আহত করে। একপর্যায়ে কয়েকজন তাকে চেপে ধরে মুখে জোরপূর্বক ঘাস মারার ওষুধ (কীটনাশক) ঢেলে দিয়ে মুখ চেপে ধরে বলে অভিযোগ করা হয়েছে।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চর হাজীগঞ্জ বাজারে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

চিকিৎসাধীন অবস্থায় গত ৩ আগস্ট রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে শেখ ইউসুফ আলী মারা যান।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চরভদ্রাসন থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৩ আগস্ট রাতে চরভদ্রাসন থানায় মামলা নং-২ হিসেবে রুজু হয়।

 

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী জানান, মামলা রুজুর পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারের ১ থেকে ৪ নম্বর আসামি শামীম হোসেন, আক্কাস মোল্যা, জুলহাস মোল্যা ও ইয়াসমিন আক্তারকে গাজীরটেকসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারকৃত চার আসামিকে সাত দিনের পুলিশি রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।