হাসান মামুন:
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুর পৌরসভার মাদকপ্রবণ এলাকায় স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পিরোজপুর-পাড়েরহাট সড়কের পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বড়পুল এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুরের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল-আমীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী। বিশেষ অতিথি ছিলেন সদর থানার উপপরিদর্শক মো. হাসিব হোসেন।
দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, এপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাতাব উদ্দিন রিপন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি হাসান মামুন, সমাজসেবক শহিদুল ইসলাম, বিএনপি নেতা খায়রুল ইসলাম বাবু, সাংবাদিক আব্দুল্লাহ আল হাসিব, অমিত বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর তারা গুরুত্বারোপ করেন।
তারা অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি নিয়মিত নজর রাখার আহ্বান জানান। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে স্কুল-কলেজ, মসজিদ, সামাজিক সভা-সমাবেশ এবং গণমাধ্যমে মাদকবিরোধী প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত সবাই নিজে মাদক থেকে দূরে থাকা, অন্যকে মাদক থেকে বিরত রাখতে সচেষ্ট হওয়া এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।