আব্দুল হামিদ মিঞা:

 

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের ২৫০টি পরিবারের মাঝে শুকনো খাবারের ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৫০টি ত্রাণ প্যাকেটের মধ্যে চকরাজাপুর ইউনিয়নে ২০০টি এবং গড়গড়ি ইউনিয়নে ৫০টি বিতরণ করা হয়েছে।

 

তিনি আরও জানান, প্রতিটি প্যাকেটের ওজন ছিল ১৪ দশমিক ৪ কেজি। এতে চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, হলুদ, মরিচের গুঁড়া ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ মোট আট ধরনের শুকনো খাবার অন্তর্ভুক্ত ছিল।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুলা খামারু। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম শামীম সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, বিএনপি নেতা মুখলেছুর রহমান মুকুল, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, “সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

 

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাময়িক হলেও স্বস্তি বয়ে আনবে।