সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালীতে বাস ও সিএনজিচালিত মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে কালুখালীর পাইকারা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালকের নাম আব্দুর রহমান বাবলু (৫৫)। সে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কয়ারদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি চালক বাবলু নিহত ও ১০ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, সিএনজি চালক আব্দুর রহমান বাবলুকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আহত অন্যান্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।