মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

 

টানা ৮ মাস ১৪ দিন বন্ধের পর সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বিকেল ৪ টায় ভারত থেকে ৩টি মরিচ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। ব্যাবসায়ীরা জানান, প্রতিটন মরিচ ৩শ ডলারে আমদানি করছেন। এর আগে গেল বছরের ২০ নভেম্বর সর্বশেষ এ বন্দর দিয়ে আমদানি হয়েছে। এরপর আমদানির অনুমতি পত্র (আইপি) বন্ধ হয়ে যায়।

 

এদিকে আমদানির খবরে হিলি বন্দর এলাকায় খুচরা পর্যায়ে কেজিতে ৩০ টাকা দাম কমেছে। সকালে যে কাঁচা মরিচ ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে। তা এক লাফে ৩০ টাকা কমে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

আমদানিকারক আমিনুল ইসলাম পলাশ জানান, সরকার আমদানি অনুমতির পর ভারতে নাসিক থেকে ৩শ’ ডলার মূল্যে প্রতিটন মরিচ আমদানি করছেন। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বাড়লে দাম আরো কমে আসবে, এইসব মরিচ ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

 

আজ প্রথম তিনটি ট্রাকে ২১ মেট্রকি টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী উজ্জ্বল হোসেন জানান, এ বন্দরের ৬৯ জন ব্যাবসায়ী ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পত্র (আইপি) পেয়েছেন। যা সোমবার থেকে আমদানি শুরু হয়েছে। কাঁচা মরিচ পচনশীল পন্য যাতে ব্যাবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে তাই অগ্রাধীকার ভিত্তিতে কাচাঁ মরিচের কোয়ারেন্টাইন ছাড় পত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।