বাদশাহ মিয়া:

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেছেন ১২ নম্বর গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস।

 

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এ ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোহালা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী বদরুল আলম টুলু, সহ-সভাপতি তারা মিয়া, ১১৭ নম্বর দক্ষিণ গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী মজুমদার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী মাতুব্বর, সাধারণ সম্পাদক কাওসার আলী শেখ, বিএনপি নেতা মো. বাচ্চু চুকদার, আলেম দফাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস বলেন, “আমার অভিভাবক, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপির নির্দেশনায় গোহালা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেছি। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই তাকে জনসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করছে। দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্ববোধ নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান বলেও তিনি জানান।