আরিফুল ইসলাম জয়:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি (সিট) পাইকেরছড়া ইউনিয়নের একটি বিল থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (২ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মনির মাস্টারের কুকুরের পশ্চিম পাশে একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি আটকা পড়ে।

 

খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসেন।

 

উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, উদ্ধার হওয়া অজগরটি কুড়িগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রংপুর বিভাগীয় বন অফিসে পাঠানো হবে অথবা উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কয়েকদিন আগে দুধকুমার নদে ভারত থেকে উজানের পানির ঢল নেমেছিল। ধারণা করা হচ্ছে, আসামের কোনো পার্বত্য এলাকা বা বনাঞ্চল থেকে ভেসে এসে অজগরটি পাইকেরছড়ার বিলে আটকা পড়ে।

 

তিনি আরও বলেন, “এ ধরনের বন্য প্রাণী দেখা গেলে বা আটকা পড়লে কেউ যেন প্রাণীটিকে হত্যা না করেন। দ্রুত বন বিভাগ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া উচিত। প্রাণী ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”