রনি রজবঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ মোহাম্মদ তহুরুল (৩০) ও মো. রেজাউল (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ২০২৬ ইং তারিখ দুপুর অনুমানিক ১টা ১৫ মিনিটের সময় ভোলাহাট থানাধীন দলদলী ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাইবাড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ তহুরুলের (পিতা- মৃত শরিফুল ইসলাম শরীফ) বাড়ির ভেতরে থাকা অটো চার্জার গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় অটো রিকশার চালকের সিটের নিচে রক্ষিত অবস্থায় মোট ৪০০ (চারশত) বোতল মাদকদ্রব্য জাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ (চার) লক্ষ টাকা। এ সময় হাতেনাতে অটোচালক তহুরুলসহ অপর মাদক ব্যবসায়ী মো. রেজাউলকে (পিতা- সাইফুদ্দিন মাস্টার) আটক করা হয়।
এই বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারেও চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।