আব্দুস সালাম তালুকদারঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ একটি গরু জবাই করা হয় এবং সেই মাংস বিক্রির উদ্দেশ্যে পার্শ্ববতী নাচোল উপজেলা নিয়ে যাওয়ার সময় বিষয়টি স্থানীয় জনগণ মরা গরু জবাই সন্দেহে গরুটি আটক করে। এ সময় কসাই সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গরুটি উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসে।

 

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওয়াসিম আকরাম জানান, জবাই করা গরুটির অসুস্থতা পরীক্ষান্তে পাওয়া যায় এই মাংস ভক্ষণ অযোগ্য।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী জানান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার দাখিলকৃত অভিযোগ সত্য উদঘাটিত হওয়ায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে গরু বিক্রেতা শ্রী স্বপন কর্মকারকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ১৮ ধারায় দোষী সাব্যস্ত করে একই আইনের ২৩ ও ২৪ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। জব্দকৃত গরুটি উপজেলা প্রাণিসম্পদ অফিসার কর্তৃক নমুনা সংগ্রহের পর নিরাপদ স্থানে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।