এস. কে বাবুলঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চলমান তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

 

সাধারণ মানুষের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সেবাও বিঘ্নিত হচ্ছে, ফলে অনলাইনভিত্তিক কাজ ও যোগাযোগে নানামুখী সমস্যার সৃষ্টি হচ্ছে।

 

এর আগে স্থানীয় সংসদ সদস্য বোয়ালমারীবাসীর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। ওই আশ্বাসের পর কয়েক দিন পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেলেও বর্তমানে আবার দীর্ঘ সময় ধরে লোডশেডিং বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে।

 

এ অবস্থায় বোয়ালমারীবাসী দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিদ্যুৎ উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বোয়ালমারীর বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

বোয়ালমারীবাসীর প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং বিদ্যুৎ উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বোয়ালমারীর দীর্ঘদিনের লোডশেডিং সমস্যার স্থায়ী সমাধান হবে। এতে জনদুর্ভোগ কমে স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরে আসবে।