এস. কে বাবুলঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভূলবাড়ীয়া (সহাইল) গ্রামে গত ২৮ জুলাই ২০২৬ রাতে সংঘটিত ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ, উদ্বেগ এবং নানা প্রশ্নের জন্ম নিয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় প্রতিদিনই সাধারণত ৫ থেকে ১০ মিনিট লোডশেডিং হয়। কিন্তু ২৮ জুলাই রাতে হঠাৎ করেই একটানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরদিন সকালে গ্রামবাসী দেখতে পান, ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পড়ে ছিল ট্রান্সফরমারের খালি বডি ও বিচ্ছিন্ন অংশ।
এ ঘটনায় স্থানীয়দের মনে সবচেয়ে বড় প্রশ্ন, যে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না, সেই তথ্য চোর আগে থেকেই কীভাবে জানল? তাদের মতে, এটি নিছক কাকতালীয় নাকি পরিকল্পিত—তা তদন্ত করে বের করা প্রয়োজন।
এলাকাবাসীর আরও দাবি, একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে যন্ত্রাংশ নিয়ে যাওয়া কোনো সাধারণ চোরের পক্ষে সহজ কাজ নয়। কারণ, এতে বিদ্যুৎ সংক্রান্ত কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। তাই অনেকেই মনে করছেন, এই চুরির সঙ্গে ট্রান্সফরমার সম্পর্কে অভিজ্ঞ কেউ জড়িত থাকতে পারে।
ঘটনার পর এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে। স্থানীয়দের একাংশের ব্যক্তিগত ধারণা ও সন্দেহ হলো, বিষয়টির সঙ্গে বিদ্যুৎ বিভাগের কারও সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
গ্রামবাসী দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের চুরি রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার প্রকৃত কারণ এবং ট্রান্সফরমার চুরির রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।