সিকদার শাহ আলম লিমনঃ
ফরিদপুরে গুনে গুনে ঘুস নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত অভিযুক্ত ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ
ফরিদপুরের বোয়ালমারীতে গুনে গুনে ঘুস নেওয়া সেই ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার ( ২৬ জুলাই) দিনগত রাত ১১টার দিকে তাকে সাময়িভাবে বরখাস্ত করা হয়। এর আগে বিকেলে ঘুস নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ইমরান হোসেন উপজেলার সাতৈর ইউনিয়ন ‘খ’ অঞ্চলের ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ছিলেন।
ফরিদপুর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকাল থেকে ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সম্প্রতি ওই কর্মকর্তা অফিস কক্ষে চেয়ারে বসেই একজন সেবাগ্রহীতার নিকট থেকে গুনে গুনে টাকাগুলো নিচ্ছেন। এ সময় টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন। ওই দৃশ্য গোপন ক্যামেরায় ধারণের পর রোববার (২৬ জুলাই) বিকেলে ঘুস নেওয়ার ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। টাকা দেওয়া ব্যক্তির পরিচয় ভিডিওটিতে অস্পষ্ট শোনা যাওয়ায় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি সাতৈর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন।
এসময় তাকে বলতে শোনা যায়, ‘আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমা হয়ে যাবে। স্যার যত তাড়াতাড়ি সম্ভব শুনানি দিবে, ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এ সময় ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, উনিও চল্লিশতম বিসিএস আমিও চল্লিশতম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।
এ ঘটনার পর ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। ওই বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের খ অঞ্চলের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ধারা মোতাবেক উক্ত কর্মচারীকে ২৬ জুলাই হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বিধি মোতাবেক তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, ভিডিও ও সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয় এবং পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ভিডিও দেখার পর প্রাথমিকভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আপাতত বেতনভাতা বন্ধ থাকবে। খোরপোশ ভাতা পাবেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম বলেন, আমরা ভিডিও ফুটেজ এবং তার প্রিভিয়াস হিস্টরি দেখে আমাদের কাছে সত্যতা প্রতীয়মান হয়েছে। সরকারি যে বিধি আছে, সেই বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামীকাল থেকে তিনি অফিস করতে পারবে না।