রনি আহমেদ রাজু:
মাগুরা জেলা পুলিশের তাৎক্ষণিক অভিযানে নিখোঁজ এক মাদ্রাসা শিক্ষার্থীকে মাত্র ৩ ঘণ্টার মধ্যে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে মাগুরা শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী আয়েশা নুর (১১) বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। বিষয়টি জানার পরপরই মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে দ্রুত অভিযান শুরু করা হয়।
জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিখোঁজের খবর পাওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যে আড়পাড়া পুরাতন টোল প্লাজা এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ভুক্তভোগী পুলিশকে জানায়, মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইকে ওঠার পর এক অপরিচিত ব্যক্তি তার ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করলে সে অচেতন হয়ে পড়ে। এরপর তার আর কিছু মনে নেই। পরে জ্ঞান ফিরে পেয়ে সে রাস্তায় বের হয়ে আসে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
তবে ঘটনার প্রকৃত কারণ এবং ভুক্তভোগীর বর্ণনার সত্যতা যাচাই-বাছাই করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাগুরা জেলা পুলিশ সকল অভিভাবকের প্রতি সন্তানদের চলাফেরা ও নিরাপত্তার বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিষয়টির গুরুত্ব তুলে ধরে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।