মোঃ জিয়াউর রহমান:
কুষ্টিয়ায় পৃথক অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কারেন্ট জাল, চায়না জাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরের একটি টহল দল রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়। পরে মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের উপস্থিতিতে উদ্ধার করা নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মদাহ বিওপির টহল দল ধর্মদাহ মাঠ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া অবৈধ কারেন্ট জাল ও মাদকদ্রব্যের মোট সিজার মূল্য প্রায় ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।