মো: কাজল ইসলাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর শহরের মুক্তিযোদ্ধা অফিসের পূর্ব পাশে অবস্থিত ‘বগুড়া দই ঘর’ নামের একটি খাবারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব এবং কর্মীদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে এক গ্রাহক প্রতিষ্ঠানটির একটি কেবিনে বসে খাবার খাওয়ার সময় অতিরিক্ত মশা ও মাছির কারণে চরম ভোগান্তিতে পড়েন। তিনি দায়িত্বরত ওয়েটারের কাছে মশা তাড়ানোর জন্য স্প্রে বা কয়েলের ব্যবস্থা করার অনুরোধ জানান। তবে কিছুক্ষণ পর ওয়েটার এসে জানান, এ বিষয়ে তাদের কিছু করার নেই।
ভুক্তভোগীর দাবি, পরে অন্য এক কর্মী পানি পরিবেশন করতে এলে তার শরীর ঘামে ভেজা ছিল। পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি অন্য কাউকে পাঠানোর অনুরোধ করলে ওই কর্মীকে সরিয়ে নেওয়া হয়।
খাবার শেষে বিল পরিশোধের সময় গ্রাহক কাউন্টারে দায়িত্বরত ক্যাশিয়ারকে প্রতিষ্ঠানে মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন। অভিযোগ রয়েছে, এ সময় ক্যাশিয়ার উত্তেজিত হয়ে অশালীন ভাষায় তার সঙ্গে কথা বলেন, যা উপস্থিত অন্য গ্রাহকদেরও বিস্মিত করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়েও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। তাদের মতে, জনপ্রিয় একটি খাদ্য প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ ও ভদ্র আচরণ নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের ভেতর ও বাইরের পরিবেশ অস্বাভাবিকভাবে নোংরা। মেঝের বিভিন্ন স্থানে ব্যবহৃত টিস্যুসহ বিভিন্ন ধরনের আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এমন অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হলেও তা দূর করতে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এছাড়া মশা, মাছি ও অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পরিবেশ ও খাদ্যের মান নিয়ে অনেক গ্রাহকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী বাজার মনিটরিং কমিটি এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘বগুড়া দই ঘর’-এর কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।