রনি আহমেদ রাজু:

 

বরগুনায় স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

রোববার (২৬ জুলাই) দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতের বিচারক মো. মনিরুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের জিআরও মো. মাহবুব।

 

পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলী এলাকা থেকে নিহত আফাং সিকদারের স্ত্রী রাবেয়া বেগম (৩৮), মেয়ে আতিকা (২২) এবং শাশুড়ি রাশেদা বেগমকে (৭০) গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

নিহত আফাং সিকদার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা গ্রামের প্রয়াত খবির সিকদারের ছেলে।

 

নিহতের বোন নুরজাহান বেগম অভিযোগ করেন, তার ভাই দীর্ঘ ১৭ বছর প্রবাসে ছিলেন। এ সময়ে তিনি স্ত্রীকে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা পাঠিয়েছিলেন। টাকা-পয়সা, জমিজমা এবং কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে তাদের দাম্পত্য কলহ চলছিল। তার দাবি, গত ১৫ জুলাই রাবেয়া ও তার কথিত প্রেমিক হাসান পরিকল্পিতভাবে আফাং সিকদারকে কীটনাশক খাইয়ে হত্যা করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

অন্যদিকে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান, পারিবারিক বিরোধের জেরে আফাং সিকদারকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আফাং সিকদারের স্ত্রী, মেয়ে, শাশুড়িসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।