সাইফুল ইসলাম:

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (নাইট্রোজেন) বহনকারী একটি ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা নাইট্রোজেনের ছোট ছোট ট্যাংকার থেকে দ্রুত গ্যাস ছড়িয়ে পড়ায় প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও মহাসড়কের পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে নাটোরগামী একটি নাইট্রোজেনবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

 

উল্টে যাওয়ার পরপরই বিকট শব্দে ট্রাকে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে বায়ুমণ্ডলে গ্যাস ছড়িয়ে পড়ে এবং সাদা ঘন কুয়াশার মতো ধোঁয়ায় প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঢেকে যায়।

 

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। এ সময় মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধার অভিযান শেষে নাইট্রোজেনবাহী ট্রাকটি সরিয়ে গন্তব্যস্থলের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।