মোঃ হাসান আলী:
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে আয়োজিত “রতনী প্রবাসী ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রতনী ধানসিঁড়ি খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকারিয়া ইসলাম বাবু।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় “অনিক একাদশ” ও “আমানউল্লাহ একাদশ”। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে অনিক একাদশকে ৩-১ গোলে পরাজিত করে আমানউল্লাহ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ জাকারিয়া ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন এলাকার ব্যবসায়ী মোঃ শফি আহমেদ, মোঃ শাহাদাত হোসেন, মোঃ শাওনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের ম্যানেজারের হাতে একটি স্মার্ট এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়। একই সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার প্রদান করা হয়।