আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ৭ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ছিলেন ৭ জন পুরুষ।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফ এর টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন (পুরুষ) ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে। সংবাদ পেয়ে চাড়ালডাংগা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তাদেরকে বাংলাদেশ অভ্যন্তরে বাঁধা প্রদানপূর্বক নিকটবর্তী কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।