পরিতোষ কুমার বৈদ্য:

 

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক পদস্খলনের অভিযোগকে কেন্দ্র করে শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। এ অভিযোগের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) সকালে বুড়িগোয়ালিনী এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সকাল ১০টায় বুড়িগোয়ালিনী এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এবং ‘বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে কর্মসূচিটি পালিত হয়।

 

বিক্ষোভ মিছিলটি কলবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা অভিযুক্ত এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, ঘটনার সত্যতা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

সমাবেশে বক্তব্য দেন আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিম ও জি এম রুস্তম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনমনে সৃষ্টি হওয়া ক্ষোভের কথা তুলে ধরেন।

 

তবে এ বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।